ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে শহরের নলডাঙ্গা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। নির্বাচনের সময় তার বাসায় আশ্রয় নিতাম। সেসময় নানারকম নির্যাতনের শিকার হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আলহাজ মাহাবুবার রহমান আমাদের অভিভাবক ছিলেন। আজীবন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফরিদ উদ্দিন, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।