বরগুনার আমতলীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম মতিউর রহমান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় আমতলীতে মরহুমের নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে দলের প্রবীণ ও নবীন নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ শুরুর আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা মরহুম মতিউর রহমান তালুকদারের রাজনৈতিক জীবন এবং আমতলী-তালতলী এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। তিনি বলেন, আমতলী-তালতলীর উন্নয়নে মতিউর রহমান তালুকদারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দলের প্রতি তাঁর অবদান ছিল অসামান্য। একই সঙ্গে তিনি দুই উপজেলার মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দক্ষিণাঞ্চলের জাতীয়তাবাদী পরিবার একজন আপনজনকে হারিয়েছে।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা নাসির তালুকদার, অ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, বিএনপি নেতা ফয়সাল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. টারজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার লালন, তালতলী থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্য শেষে মরহুমের জ্যেষ্ঠ ছেলে আরিফ তালুকদার ছোট ভাই আশিক তালুকদারের হাত ধরে উপস্থিত সবার সামনে বলেন, তাঁদের পরিবার সবসময় বিএনপি ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে।
পরে মরহুম মতিউর রহমান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।