নরসিংদীর মাধবদীতে রাতের আঁধারে শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া সড়কের চরমাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটির পাশে একটি ড্রাম ট্রাকও ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ঘটনাটি নাশকতা বা রাজনৈতিক সহিংসতার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। ব্যবসায়িক বিরোধের জেরে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া মিনিবাসটি শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। গাড়িটির মালিক স্থানীয় লিটন নামের এক ব্যক্তি। ওই এলাকায় তাঁর সঙ্গে আরেক ব্যবসায়ীর ব্যবসায়িক বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি আরও বলেন, ঘটনাটি নাশকতা বা রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।