সাতক্ষীরার কালিগঞ্জে বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও তাঁর মেয়ের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ছনকা গ্রামের মো. নিয়ামুল মাস্টারের বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা নিয়ামুল মাস্টারের স্ত্রী রওশন আরা ও তাঁর মেয়ে তাসফিয়ার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের একটি সিম্ফনি স্মার্টফোন এবং প্রায় ৩ হাজার টাকা মূল্যের দুটি বাটন মোবাইল ফোন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।