প্রতি বছরের মতো শীতের শুরুতেই খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। তবে একশ্রেণির অসাধু চক্র সাউন্ড বক্সে কৃত্রিম মিউজিক ও ফাঁদ পেতে নির্বিচারে এসব পাখি শিকার করছে। প্রশাসনের নজরদারির অভাবে দিন দিন শিকারিদের তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূএে জানা গেছে , উপজেলার লতা, দেলুটি, গদাইপুর, গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের বাইশারাবাদ, বেতবুনিয়া, তেঁতুলতলাসহ বিভিন্ন এলাকার পাকা ধানের খেত ও জলাশয়গুলোতে অতিথি পাখির আগমন ঘটেছে। বিশেষ করে বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদাখোঁচা, মাছরাঙা, রাতচরা ও সারসের মতো নানা প্রজাতির পাখি বিচরণ করছে এসব অঞ্চলে।
শিকারিরা আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে সাউন্ড বক্সে পাখির কৃত্রিম ডাক বাজিয়ে পাখিগুলোকে ফাঁদের দিকে আকৃষ্ট করছে। এছাড়া বিষটোপ ও বিভিন্ন জালের ফাঁদ ব্যবহার করে প্রতিদিন শত শত পাখি নিধন করা হচ্ছে। রাতের আঁধারে এই অবৈধ শিকার কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও স্থানীয় পর্যায়ে এর কোনো কার্যকর প্রতিবাদ বা প্রতিকার মিলছে না।
এলাকাবাসীর অভিযোগ, শিকার করা এসব পাখি আকারভেদে ৩০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা বা তারও বেশি দামে প্রকাশ্যে ও গোপনে বিক্রি করা হচ্ছে। এমনকি অনেকে আগাম টাকা দিয়ে শিকারিদের কাছ থেকে পাখির অর্ডার দিয়ে বাসায় পৌঁছে নিচ্ছেন।
পাখি শিকারের এই মহোৎসবের ফলে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। একইসঙ্গে এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান জানান, অতিথি পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত এবং কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, পাখি শিকার রোধে আমাদের অভিযান চলছে। ইতি মধ্যে অনেক কে ধরা হয়েছে। পাখি শিকারী ধরার জন্য পাইকগাছার এসব বিলে আমাদের টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।