নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। আয়োজনটি সার্বিক পরিচালনায় ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার।
ZJkTPYQ.jpeg
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন যে, ‘বিএইউএসটি ইইই ফেস্ট’ শিক্ষার্থীদের জন্য এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের মাধ্যমে তারা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
vBs8gRv.jpeg
আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলমান এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, গেমিং, ট্রেজার হান্ট, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় পর্যায়ে সার্কিট অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, টেকনিক্যাল পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস কম্পিটিশন, রোবো সকার এবং লাইন ফলোয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম প্রেস বিজ্ঞাপ্তির জানান, বিএইউএসটি ইইই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে স্পনসর হিসেবে রয়েছে হিকভিশন বাংলাদেশ ও বেটকো ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তি, উদ্ভাবন ও প্রকৌশল শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।