নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত একটি ছোট ট্রলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামসংলগ্ন ধনু নদীতে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধনু নদী দিয়ে চলাচলকারী বাল্কহেড (ভলগেট), স্টিলবডি ও অন্যান্য পণ্যবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এতে নদীপথে চলাচলকারী নৌযানের চালক, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ব্যবহৃত নৌযান থেকে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়। পরে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত একটি ছোট ট্রলার জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ধনু নদীতে চলাচলকারী সব ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীপথকে অবৈধ চাঁদাবাজিমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে কোনো ধরনের চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।