বান্দরবানের লামার পশ্চিম লাইনঝিরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান। এ দূর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় চালক ও হেলপার।
রবিবার (১৫ নভেম্বর) আনুমানিক বিকেল ৪ টার দিকে লামা-চকোরিয়া সড়কে এ দূুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা- মেট্রো-অ-১৩-১১৮৭।
চালক মো.কাওসার জানান, ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি খাদে পড়ে যায়। বর্তমানে তিনি এবং হেলপার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়া হয়। তারা এসে চালক ও হেলপারকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী খোকন মিয়া জানান, লামা-চকোরিয়া সড়কের রাস্তার বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমতল থেকে আসা ড্রাইভারগুলোর অনবিজ্ঞতার কারণে দুর্ঘটনাগুলো হয়ে থাকে।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর(টিআই)গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, লামা-চকরিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটি আঁকাবাঁকা বাঁকগুলো সরলীকরণ করে নিরাপদ সড়ক চলাচলের উপযোগী করার দাবী জানান তারা। ##