ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা। এ সময় হাসপাতালটিতে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা।
দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।