“টিনের চালায় বসত করি, ঘরে পড়ে বৃষ্টি; তবুও কষ্ট নাই পাই, যদি আল্লার সন্তুষ্টি”—মোছাঃ নিছফা আক্তারের লেখা এই পঙ্‌ক্তিগুলো যেন জীবনের প্রতি সন্তুষ্টি, ধর্মীয় বিশ্বাস ও সাদাসিধে জীবনযাপনের এক অনন্য দর্শন তুলে ধরে। এমনই মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন সিলেট বেতারের স্বীকৃত পল্লীগীতি শিল্পী জাকিরুল ইসলাম চৌধুরী (মুকুল)। তিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক। দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
১৯৬৫ সালের ৩০ অক্টোবর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের প্রসিদ্ধ সিক্কা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জাকিরুল ইসলাম চৌধুরী। তাঁর পিতা সিরাজুল ইসলাম চৌধুরী এবং মাতা জরিনা খাতুন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর দাদা চান মিয়া চৌধুরীর আদি নিবাস হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে। ওই এলাকায় তাঁদের পরিবারের জমিদারি ঐতিহ্যও ছিল।
পারিবারিক জীবনে তিনি শাহ কামরুন্নাহান (মুন্নী)-এর স্বামী। তাঁর স্ত্রী হবিগঞ্জের বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলে শিক্ষকতা করেন। স্ত্রীর কর্মস্থলের কারণে তিনি দীর্ঘ সময় বাহুবলে অবস্থান করেন। তাঁদের দুই ছেলে—বড় ছেলে মোফাসসিরুল ইসলাম চৌধুরী (তুষার) এবং ছোট ছেলে মোস্তাহিদুল ইসলাম চৌধুরী (রিশার)।
জাকিরুল ইসলাম চৌধুরীর শিক্ষাজীবন শুরু হয় শ্রীমঙ্গলের সিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭৫ সালে সেখান থেকে পঞ্চম শ্রেণি সম্পন্ন করেন। পরে আছিদ উল্লা হাইস্কুল (ভুজপুর) এবং হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়, হুগলিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮২ সালে এসএসসি পাস করেন। ১৯৮৩ সালে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ভর্তি হলেও পরবর্তী সময়ে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি এবং ১৯৮৭ সালে বি.কম ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে সিলেট এমসি কলেজ থেকে ১৯৯৫ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছোটবেলা থেকেই লেখালেখি, যাত্রাপালা, নাটক, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সংগীতজগতে তাঁর হাতেখড়ি হয় শ্রীমঙ্গলের আমরাইছড়া চা বাগানের সিলেট বেতারের দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী কাশিলাল তাঁতি এবং নিজের বড় ভাই শফিকুল ইসলাম চৌধুরী (অলি)-এর কাছে।
১৯৮৭ সালে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে পল্লীগীতি শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি। এর আগে উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সদস্য হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এরপর থেকে সিলেট অঞ্চলের লোকসংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নেন।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নিয়মিত গান পরিবেশনার পাশাপাশি নিজের লেখা গানেও সুরারোপ ও কণ্ঠ দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ‘মুকুলিকা’ পেজ এবং সময় টিভিতেও তাঁর গান পরিবেশিত হয়েছে।
দীর্ঘ সাহিত্য ও সংগীতচর্চার ধারাবাহিকতায় এ পর্যন্ত তাঁর লেখা চার শতাধিক গান ও কবিতা সংগ্রহে রয়েছে। তাঁর সৃষ্টিতে উঠে এসেছে সিলেটের প্রকৃতি, লোকজ ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম, সমাজবাস্তবতা, ধর্মীয় অনুভূতি ও মানবিক মূল্যবোধ|
তিনি এ পর্যন্ত চারটি পাণ্ডুলিপি রচনা করেছেন। এগুলো হলো—‘সিলেটের সৌন্দর্য, পড় ধরে ধৈর্য’, ‘বাস্তবতার গল্প, লিখিয়াছি অল্প’, ‘সিলেটের গীত, মুকুল সংগীত’ এবং ‘অল্প কজন, সিলেটের সঙ্গীতাঙ্গন’। এসব পাণ্ডুলিপিতে তাঁর সাহিত্য ও সংগীতজীবনের অভিজ্ঞতা, সৃষ্টিশীলতা এবং সিলেট অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক স্থান পেয়েছে।
সংগীতের পাশাপাশি সাহিত্যচর্চাতেও সক্রিয় রয়েছেন জাকিরুল ইসলাম চৌধুরী। তিনি কেন্দ্রীয় কবি সংসদ বাংলাদেশের একজন কবি এবং কবি সংসদ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। হবিগঞ্জ সাহিত্য পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। পাশাপাশি বাহুবল পাবলিক লাইব্রেরির সম্মানিত সদস্য এবং সময় নিউজ ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুধু সাহিত্য ও সংস্কৃতিতেই সীমাবদ্ধ নন তিনি। ১৯৮৬ সাল থেকে দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেন। কুমিল্লার প্রশিকা, আশা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি ডিএমএস কোর্স সম্পন্ন করে মানুষের স্বাস্থ্যসেবায়ও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
শিক্ষার প্রসারেও রয়েছে তাঁর আগ্রহ। শ্রীমঙ্গলের আছিদ উল্লা হাইস্কুল (ভুজপুর)-এর গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিবার লাহারপুর (উদনারপাড়) জামে মসজিদের দাতা হিসেবেও পরিচিত; মসজিদটির জন্য তাঁর পিতা ও ফুফু অবদান রেখেছেন।
বহুমুখী প্রতিভা, দীর্ঘ কর্মজীবন এবং নানা সাংস্কৃতিক অর্জনের পরও জাকিরুল ইসলাম চৌধুরীর জীবনদর্শনে রয়েছে বিনয়, ধর্মীয় মূল্যবোধ ও সন্তুষ্টির প্রতিফলন। তাঁর জীবন ও সৃষ্টিশীলতার মূল প্রেরণা মানুষের সঙ্গে থাকা, মানুষের কথা বলা এবং নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কাজ করে যাওয়া।
অহংকার নয়, বরং যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার মধ্যেই জীবনের প্রকৃত শান্তি খুঁজে ফেরেন তিনি। তাঁর জীবনকে ঘিরে বলা যায়—
‘যান না তিনি কখনো অহংকারের দ্বারে, যা আছে তা নিয়েই সন্তুষ্ট আল্লাহর দরবারে।
সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও মানবসেবার সমন্বয়ে জাকিরুল ইসলাম চৌধুরী (মুকুল) সিলেট ও হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক পরিচিত মুখ। তাঁর সৃষ্টিশীল পথচলা নতুন প্রজন্মের শিল্পী ও সাহিত্যপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।