নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রসাদপুর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি মান্দা থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই নারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তাঁরহাতে শাঁখা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর সঠিক কারণও জানা যায়নি।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।