যে মানুষটি সকালে ঘুম থেকে উঠে অন্যের দুঃখের খবর খোঁজেন, দুপুরে ছুটে যান বন্যার্তদের মাঝে, সন্ধ্যায় লেখেন শ্রমিকের না পাওয়া মজুরির কথা, রাত গভীরে তিনিই ফেরেন এক নীরব ঘরে। পকেটে হয়তো রিপোর্টারের আইডি কার্ড, কিন্তু ঘরে চাল নেই, ঔষধ নেই অসুস্থ মায়ের।
ইনিই সাংবাদিক। আমাদের সমাজের সবচেয়ে পরিচিত, অথচ সবচেয়ে অচেনা মুখ।
আজ কথা বলছি এমনই একজন মফস্বল সাংবাদিক রফিকুল ইসলামের (ছদ্মনাম) সাথে। ১৮ বছর ধরে সাংবাদিকতা করেন। কত মন্ত্রী, কত এমপির সাক্ষাৎকার নিয়েছেন, কত দুর্নীতির খবর ফাঁস করে মানুষের উপকার করেছেন। তার লেখা নিউজে অনেকের চাকরি হয়েছে, অনেকের ঘর পেয়েছে।
কিন্তু গত ঈদে তার নিজের সন্তানের নতুন জামা হয়নি।
"আমার ছেলেটা জিজ্ঞেস করেছিল, বাবা সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে নিউজ করো, আমাদের ঈদের নিউজ কবে হবে?" - বলতে বলতে চোখ মুছলেন রফিকুল। "আমি কোনো উত্তর দিতে পারিনি।"
সাংবাদিকদের জীবন এমনই। তারা অন্যের কান্না লিখে পুরস্কার পান, কিন্তু নিজের কান্না লেখার জায়গা নেই। অন্যের ক্ষুধা নিয়ে টকশো হয়, কিন্তু নিজে যখন ৩ দিন ধরে বেতন পান না, তখন সেই খবরটি কোনো পত্রিকায় ছাপা হয় না। কারণ তিনি নিজেই যে সংবাদ!
একজন দিনমজুর কাজ না পেলে তার কষ্টের খবর হয়। একজন সাংবাদিক মাসের পর মাস বেতন না পেলে, অপমানিত হলে, হুমকি পেলে - সে খবর কে করবে? তার সহকর্মী? সহকর্মীও যে একই নৌকার যাত্রী।
"আমরা কলম দিয়ে অন্যের ভাগ্য বদলাই, কিন্তু নিজের ভাগ্য বদলাতে পারি না," বললেন আরেক সিনিয়র সাংবাদিক। "মানুষ ভাবে আমরা অনেক ক্ষমতাবান। আসলে আমরা সবচেয়ে অসহায়। সত্য লিখলে চাকরি যায়, মিথ্যা লিখলে বিবেক যায়। মাঝখানে পড়ে পরিবারটা না খেয়ে থাকে।"
সবচেয়ে হৃদয়বিদারক সত্য হলো, এই মানুষগুলো কখনো হাত পাততে পারেন না। কারণ সমাজ তাদেরকে "সম্মানিত" বানিয়ে রেখেছে। সম্মান দিয়ে পেট ভরে না, তা কেউ বোঝে না।
রাত ২টায় যখন শহর ঘুমায়, তখনো একজন সাংবাদিক জেগে থাকেন - ব্রেকিং নিউজের জন্য। তার ঘরে তখন তার স্ত্রী জেগে থাকেন - সন্তানের জ্বরের জন্য, টাকার চিন্তায়। দুজনের জেগে থাকা এক, কিন্তু খবর হয় না কারো।
আজ এই নিউজটি কোনো পত্রিকায় ছাপা হবে না হয়তো। কারণ এটি কোনো নেতার বক্তব্য নয়, কোনো চমক নেই। এটি শুধু একজন মানুষের গল্প, যে সবার গল্প বলে বেড়ায়।
আমরা যারা প্রতিদিন খবরের কাগজ পড়ি, টিভিতে নিউজ দেখি - একবার কি ভেবেছি, এই খবরটা যে আনলো, সে কেমন আছে?
সাংবাদিকের কোনো নিজস্ব সংবাদ হয় না। কারণ সে নিজেই একটি অপ্রকাশিত সংবাদের নাম।