নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।
সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের ১১০ সিসির কালো রঙের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। অবশেষে পুলিশের অভিযানে মোটরসাইকেলটি উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হলো।