ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে অশোভন ভাষা ব্যবহার ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পরীমনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অভিযোগ করেন, তাঁদের মধ্যে একজন তাঁর গায়ে হাত দিয়েছেন। এ বিষয়ে ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে সংশ্লিষ্ট সাংবাদিককে শনাক্ত করার কথাও বলেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিককে উদ্দেশ করে অশোভন ভাষায় কথা বলেন।
এদিকে একই দিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে বুধবার আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিম ওরফে জিম।
ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।