পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন সুইফট। ছবি কে বা কারা ফাঁস করেছেন, তা শনাক্ত করতে ব্যক্তিগত তদন্তকারী নিয়োগের কথাও ভাবছেন এই গায়িকা।

গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন টেইলর ও ট্র্যাভিস। অনুষ্ঠানটি ব্যক্তিগত রাখতে শুরু থেকেই কঠোর গোপনীয়তার ব্যবস্থা করেছিলেন তারা। অতিথিদের পরিচয় যাচাই, গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর এবং অনুষ্ঠানে প্রবেশের আগে মুঠোফোন জমা দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল।

তবে এত সতর্কতার পরও গত ২৬ অক্টোবর ডেইলি মেইলে বিয়ের আগে প্রকাশ্যে না আসা কয়েকটি ছবি প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্টার ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবি ফাঁসের ঘটনায় মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন টেইলর। তার সন্দেহ, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কোনো কর্মী অথবা অনুষ্ঠানটির প্রযোজনা দলের কেউ ছবিগুলো বাইরে প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী নিয়োগ করে তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে চান।

প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, টেইলর চেয়েছিলেন বিয়ের বিশেষ দিনটি কেবল তাদের দুজন এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কিন্তু ছবি প্রকাশের পর সেই গোপনীয়তা আর অক্ষুণ্ন থাকেনি। এদিকে স্ত্রীকে মানসিকভাবে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন ট্র্যাভিস কেলসি। সূত্রের দাবি, ছবি ফাঁস হলেও তাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ও স্মৃতিগুলো বদলে যাবে না বলে টেইলরকে বোঝাচ্ছেন তিনি।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আয়োজনের নিরাপত্তায় বেশ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অতিথিদের আমন্ত্রণ পাওয়ার আগে পরিচয় যাচাই করা হয় এবং গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হয়। ডিজিটাল আমন্ত্রণপত্রে আলাদা জলছাপও ব্যবহার করা হয়েছিল, যাতে কোনো আমন্ত্রণপত্র ফাঁস হলে সংশ্লিষ্ট অতিথিকে শনাক্ত করা যায়।

এ ছাড়া অনুষ্ঠানের প্রকৃত স্থান শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়। প্রবেশের সময় অতিথিদের মুঠোফোন জমা দিতে বলা হয়েছিল। ট্র্যাভিস পরে তাঁর ‘নিউ হাইটস’ পডকাস্টে জানান, মুঠোফোন না থাকলে অতিথিরা ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশের চিন্তা থেকে মুক্ত থেকে অনুষ্ঠানের মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

ডেইলি মেইলে প্রকাশিত ছবিতে দেখা যায়, ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বিয়ের অনুষ্ঠানের জন্য রোমান্টিক বাগানের আদলে সাজানো হয়েছিল। পীচ ও সাদা রঙের সাজসজ্জা, সবুজ গাছপালা এবং নানা ধরনের ফুল দিয়ে তৈরি করা হয়েছিল মনোমুগ্ধকর পরিবেশ। তবে অনলাইনে ছড়িয়ে পড়া সব ছবি যে অনুষ্ঠানের চূড়ান্ত সাজসজ্জার, তা নিশ্চিত নয়।

এদিকে বিয়ের সাজসজ্জার সামগ্রী নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। ডেইলি মেইলে উদ্ধৃত একটি সূত্রের দাবি, সাজসজ্জার কোনো সামগ্রী যাতে চুরি করে নিলামে বিক্রি করা না যায়, সে জন্য অনুষ্ঠান শেষে সেগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন টেইলর ও ট্র্যাভিস। তবে এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনাও চলছে।