শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকারের পক্ষ থেকে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের পরও বিভিন্ন সময়ে এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। সরকার এসব অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে সরকার মনে করে। এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।
পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তাই শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তিনি।
তিনি জানান, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।
তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।
সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের তৎপরতা প্রতিহত করবে বলেও জানান তিনি।