গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। এ অবস্থায় শিল্প খাতে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারাদেশের চিংড়ি ঘের নিয়ে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা এবং দর-কষাকষির ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক একটি ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস ও বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর প্রায় সব নেতার সঙ্গে সরকার আলোচনা করেছে। মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে। শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পথ খোলা রয়েছে। তবে কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। শ্রমিকদের দাবির সঙ্গে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে তিনি বলেন, যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলা, ভাঙচুর কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি জটিল করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের জীবনমান উন্নয়ন এবং শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা—সব বিষয়ই সরকারের বিবেচনায় রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার যেমন সচেষ্ট, তেমনি শিল্প খাতে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাও বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, শ্রমিকদের আবেগ ও অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো মহল যাতে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।