নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়ান ইউনিয়নে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়দিয়া বালিকা বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সিকদার আনিচুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন ও মনোজ দাশ, খাশিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম এবং হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত প্রমুখ।
বক্তারা বলেন, রিকশা-ভ্যান-ইজিবাইক গ্রাম ও উপশহরের মানুষের একমাত্র সাশ্রয়ী বাহন এবং লাখো পরিবারের জীবিকার উৎস। অথচ এই শ্রমিকরা আজও রাষ্ট্রের কাছে "অবৈধ"। বাহনের নিবন্ধন ও চালকের লাইসেন্স নেই বলেই তাঁদের প্রতিদিন পুলিশি হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হয়।
সম্প্রতি রাজধানীতে অবৈধ সংযোগের নামে বৈধ মিটারসহ ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে, আর হকার উচ্ছেদ চলছে পুনর্বাসন ছাড়াই। বক্তারা এই উচ্ছেদ ও দমন-পীড়নের তীব্র নিন্দা জানান। যারা শহরের অর্থনীতি আর গ্রামের যোগাযোগ সচল রাখছেন, তাঁদেরই 'অবৈধ' বলে উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ কোনো সমাধান নয়। এতে সংকট মেটে না, শুধু শিকার বদলায়। আমরা উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। নিষেধাজ্ঞা নয়, নিবন্ধন ও নিরাপত্তা চাই। শ্রমিকের ঘাম আর শ্রমের ওপর দাঁড়িয়ে থাকা এই অর্থনীতিতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ সংকটের আসল কারণ ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট, রিকশার ব্যাটারি নয়। শ্রমিকদের ওপর ব্যক্তিগত সৌরচার্জিংয়ের অবাস্তব শর্ত না চাপিয়ে রাষ্ট্রীয় বিনিয়োগে কমিউনিটিভিত্তিক চার্জিং স্টেশন গড়ার দাবি জানানো হয়। তাঁরা বলেন, নিষেধাজ্ঞা বা উচ্ছেদ নয়, সমাধান হলো সহজ শর্তে নিবন্ধন, মানসম্মত নকশা, সার্ভিস লেন, দুর্ঘটনা বিমা ও সামাজিক সুরক্ষা।
বিকল্প কর্মসংস্থান ছাড়া গরিবের রুটি-রুজি কেড়ে নেওয়া চলবে না বলেও বক্তারা হুঁশিয়ারি দেন। এই লড়াই কেবল রিকশাচালকদের নয়, বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামের অংশ। এই সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাঁরা শ্রমজীবী মানুষ, কৃষক ও তরুণদের প্রতি আহ্বান জানান। সম্মেলন থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।