কক্সবাজারের রামুতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পচা-বাসি খাবার, লেবেলবিহীন ও অনুমোদনহীন খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়।
অভিযানে রামু'র হিমছড়ি সাম্পান ক্যাফে রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সাম্পান ক্যাফেতে ফ্রিজে লেবেলবিহীন খাদ্যপণ্য, পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস রেস্তোরাঁয় অনুমোদনহীন খাদ্যপণ্য এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান নাঈম। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত মনিটরিং ও তদারকি করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন রামুর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মমতাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মীরা। এ সময় নিরাপত্তায় বাংলাদেশ আনসারের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটিকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।