২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ৯টি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। প্রস্তাবিত বিভাগগুলোর প্রয়োজনীয়তা, শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলো পরিদর্শন করেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নেভিন ফরিদা।
এ ছাড়া কমিটিতে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হারুনুর রশিদ এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মামুনুর রশীদ খান।
বিশ্ববিদ্যালয়টিতে প্রস্তাবিত ৯টি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইকে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে বিভাগগুলোর চূড়ান্ত অনুমোদন এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।