মৌলভীবাজারে ১০০৬ টি মন্ডপে হবে দূর্গাপূজা

Date: 2022-09-24
news-banner

কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শরৎকালের দূর্গাপূজা। এ বছর মৌলভীবাজারে সার্বজনীন ও ব্যক্তিগত মিলে সর্বমোট ১০০৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ডপ তৈরি ও প্রতিমার রং এর কাজে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের প্রতিমা শিল্পীরা। আগামী (১ অক্টোবর) শনিবার থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজারে জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মহিম দে জানান, এবার মৌলভীবাজারের ০৭টি উপজেলায় এক হাজার ছয়টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলায় সার্বজনীন ১৯৭টি ও ব্যক্তিগত ২১টিসহ ২১৮টি মন্ডপে।
শ্রীমঙ্গল উপজেলায় - ১৫৫টি সার্বজনীন, ব্যক্তিগত ১২টি মন্ডপে। বড়লেখা উপজেলায় - ১৪০টি সার্বজনীন, ব্যক্তিগত ১১টি মন্ডপে। কমলগঞ্জ উপজেলায় - ১৪৩টি সার্বজনীন ব্যক্তিগত ১৭টি, রাজনগরে- ৭৭টি সার্বজনীন ব্যক্তিগত ৫২টি মন্ডপে। মৌলভীবাজার সদর উপজেলায় ৮৯টি সার্বজনীন ব্যক্তিগত ২০টি মন্ডপে, এবং জুড়ী উপজেলায় - ৬৯টি সার্বজনীন, ব্যক্তিগত ০৩টি মন্ডপে এবছর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজারে জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মহিম দে বলেন, এই বছর জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি উপজেলায় সাম্প্রদায়িক সম্পৃত্তি রক্ষায় সবধর্মের লোকজনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা গুলোতে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আশু রঞ্জন দাস বলেন প্রতিটি মন্ডপে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির ২১ দফা নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। গত বছর জেলার দু’টি উপজেলায় (কমলগঞ্জ ও কুলাউড়া) অপ্রীতিকর ঘটনা ঘটায় এবার প্রশাসন কঠোরভাবে অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। প্রশাসনের সাথে সমন্বয় করে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী, সিসি ক্যামেরা স্থাপন ও ধর্মীয় নিয়ম নীতি পালন করে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রতিটি পূজা কমিটির প্রতি আহবান জানানো হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালনের জন্য সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে।

Leave Your Comments