ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ মোঃ শাহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএমআরবি)-৯। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া উত্তরপাড়া এলাকার একটি লিচুবাগানে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন শাহিন মিয়া। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলে এসআরবি তাঁকে আটক করে।
পরে তাঁর সঙ্গে থাকা খয়েরি রঙের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের চালানটি বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এমন তথ্য উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্রেপ্তার শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ধনু মিয়া।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসএমআরবি-৯।
মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।