সাতক্ষীরার ধুলিহর জাহানাবাজ নারকেলতলার মোড় থেকে গাঁজাসহ আ. রহিম নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। "এখানে একটু বেশি দেয়, তাই এখানে আসি" জনতার হাতে মাদকসহ আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরল স্বীকারোক্তি দিয়ে কথাটি বলেন অভিযুক্ত আব্দুর রহিম।
সোমবার (২৬ অক্টোবর) রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী সোহরাবের ছেলে আমিনুর রহমানের বাড়ি থেকে গাঁজা ক্রয় করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন ওই যুবক। আটকৃত আ. রহিম পুরাতন সাতক্ষীরা ঘুটেরডাঙ্গী প্রাইমারি স্কুলের পাশের বাসিন্দা শহীদ গাজীর ছেলে। আটকের পর উপস্থিত জনতার হাত থেকে তার মা ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আর জড়াবেন না এমন মর্মে অঙ্গীকার করে তাকে ছাড়িয়ে নেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মাদক ব্যবসায়ী আমিনুরের স্ত্রী স্থানীয় জনতা, প্রশাসন ও সাংবাদিকদের কাছে অঙ্গীকার করেছিলেন যে, তারা আর কখনো মাদক ব্যবসা করবেন না। ঢাকায় নিজেদের আত্মীয়-স্বজনের সহায়তায় গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করার কথা জানিয়েছিলেন তিনি।
তবে কিছুদিন যেতে না যেতেই কথা ভেঙে তারা পুনরায় পূর্বের পেশায় ফিরে যান এবং এলাকায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের দাবি, আমিনুর ও তার পরিবারের এই অপ্রতিরোধ্য মাদক ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় যুবসমাজ সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে এবং পরম্পরায় দেশ ও জাতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।