আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার গুঞ্জন বা প্রচারণার তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাকির শিকদার।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি ও খুনিচক্রের এ ধরনের অপতৎপরতা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
সম্প্রতি দেশজুড়ে চলা বিভিন্ন আলোচনা ও গুঞ্জনের প্রেক্ষিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় কমরেড জাকির শিকদার বলেন, “যাঁরা শত শত ছাত্র-জনতার রক্তে হাত রাঙিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের মুখে বা তাঁদের অনুসারীদের মুখে ডিসেম্বরে দেশে ফেরার কথা দেশের জনগণের সঙ্গে এক ধরনের উপহাস ছাড়া আর কিছু নয়। দেশের মাটিতে গণহত্যাকারীদের কোনো ধরনের চক্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
এ সময় তিনি সাবেক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি দেশের শ্রমিক, মেহনতী ও মুক্তিকামী জনগণকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।