নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ লিটার চোলাই মদ তৈরির ওয়াসসহ মো: মোজাহার ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাতে মান্দা থানার একটি পুলিশ দল ১২ নং কাসোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তুলসীরামপুর সাকিনের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোজাহার ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে আসামির বাড়ির টিউবওয়েলের পাড়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি নীল রঙের প্লাস্টিক জারকিন থেকে সর্বমোট ১৯০ লিটার চোলাই মদ তৈরির ওয়াস (কাঁচামাল) উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মোজাহার ইসলামকে আটক করে এবং অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
এ ঘটনায় মান্দা থানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোলাই মদ তৈরির উপকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।