ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন গোলরক্ষক শ্রীনাথ সরদার।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সের পিচ ৫বি-তে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের লড়াইয়ে দুই দলই একটি করে গোল করে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।

hbYlx3i.png

থ্রো-ইন থেকে রাতুলের নেওয়া শট জালে জড়ালে লিড পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। নিজেদের ডি-বক্সে তৈরি হওয়া জটলা থেকে গোল করে সমতায় ফেরে সেশেলস।

নির্ধারিত সময়ের শেষ দিকে বাংলাদেশের কোচ গোলরক্ষক পরিবর্তন করেন। এরপর টাইব্রেকারে দুই দলের প্রথম শটই জালে জড়ায়।

তবে দ্বিতীয় শটে সেশেলসের প্রচেষ্টা রুখে দেন শ্রীনাথ সরদার। তৃতীয় শটে উভয় দল গোল করলেও চতুর্থ শটে আবারও সেশেলসের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের এই গোলরক্ষক। অন্যদিকে নিজেদের শটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয় নিয়ে প্লেট পর্বের শেষ ষোলো নিশ্চিত করে ফাহিম হাসানের নেতৃত্বাধীন দল। পরের পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

j9DSW8I.png

এর আগে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলে একটি জয়, দুটি ড্র ও দুটি পরাজয় নিয়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপে ওঠে বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে দলটি। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারলেও ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে ফাহিম হাসানের দল।

সেশেলসের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ জয় বাংলাদেশের কিশোর ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। এবার শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।