বরগুনা জেলার আমতলী উপজেলায় মাদক বিক্রির সময় হাতেনাতে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চাওড়া ইউনিয়নের ঘটখালী ব্রিজ সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে মোস্তফা মাদবরের করাত কলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঘটখালী গ্রামের আলমগীর মুসুল্লির ছেলে মোঃ মুছা মুসুল্লি (২১), আব্দুল গনি খানের ছেলে মোঃ সোহেল খান (২৫) ও এন্তাজ চৌকিদারের ছেলে মোঃ বেল্লাল চৌকিদার (২৫)। পুলিশ জানায়, মুছা মূল বিক্রেতা, সোহেল সহযোগী এবং বেল্লাল দীর্ঘদিনের মদদদাতা।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"