জয়পুরহাট সদর উপজেলার পুরানাপুল এলাকায় ক্যাসিনো খেলে সর্বস্ব হারিয়ে ফনি নামের এক ব্যক্তি গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ফনি অনলাইন বা জুয়া জাতীয় ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে নিজের সমস্ত সম্পদ ও জমানো অর্থ হারিয়ে ফেলেন। আর্থিক এই চরম বিপর্যয়ের কারণে সম্প্রতি তার পারিবারিক জীবনেও অশান্তি শুরু হয়। এর জেরে স্ত্রীর সাথে তার বাকবিতণ্ডা ও গণ্ডগোল হয়। স্ত্রীর সাথে এই ঝামেলার অভিমানেই তিনি সবার অজান্তে গ্যাস বড়ি (কীটনাশক বা ফসফাইড ট্যাবলেট) সেবন করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল সূত্র জানিয়েছে, অতিরিক্ত বিষাক্ত গ্যাস বড়ি সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কতৃপক্ষ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।