রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিন সৌরীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তাহসিন সৌরী। পরে বুধবার তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।