টাইফুনের প্রভাবে টানা বৃষ্টি উপেক্ষা করে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারকাদের উপস্থিতি, বর্ণিল লালগালিচা ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে জমে উঠেছে এবারের আয়োজন। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র।

নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ৮৮ মিনিটের ছবিটি এর আগে ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।

গত ২৬ অক্টোবর শুরু হওয়া উৎসব চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে বিশ্বের ১১২টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ১ হাজার ৮৯২টি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত ২০৪টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ১৫টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে উৎসবের প্রধান পুরস্কার টোকিও গ্রাঁ প্রির জন্য।

NrbIRsq.jpeg

উৎসবের উদ্বোধনী দিনে টোকিও মিডটাউন হিবিয়ার স্টেপ স্কয়ারে বসে তারকাদের মিলনমেলা। বৃষ্টি উপেক্ষা করে দর্শকেরা লালগালিচার পাশে ভিড় করেন। উৎসবের লোগোসংবলিত স্বচ্ছ ছাতা হাতে লালগালিচায় হাজির হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী চলচ্চিত্র ‘সুকিয়াকি’র অভিনয়শিল্পী ওকাদা জুনইচি, মাতসুজাকা তোরি ও সেইনো নানা এবং পরিচালক জেজে তাকাহিসা অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া ইন্দোনেশিয়া, বেলজিয়াম, চীন, ইরান, কাজাখস্তানসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের চলচ্চিত্র ও কনটেন্ট শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই জানান, বিদেশের বাজারে জাপানের কনটেন্ট শিল্পের বিক্রি প্রায় ৬ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। চলচ্চিত্র, মাঙ্গা, অ্যানিমে এবং সংশ্লিষ্ট মেধাস্বত্বভিত্তিক ব্যবসা এ খাতের প্রসারে ভূমিকা রাখছে।

ভিডিও বার্তায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে চলচ্চিত্রশিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক যৌথ প্রযোজনার সুযোগ সম্প্রসারণের আশ্বাস দেন। তাঁর মতে, চলচ্চিত্র বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

vSp1b5w.jpeg

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ ও সাবেরী আলম।

ছবিটির গল্পে উঠে এসেছে ঢাকার এক হবু কনের বিয়ের প্রস্তুতি, সৌন্দর্যচর্চা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক নিয়মের চাপে তৈরি হওয়া মানসিক ও শারীরিক অস্বস্তির অভিজ্ঞতা। বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিকতার মিশেলে এগিয়ে যায় কাহিনি।

নারীর ব্যক্তিগত ইচ্ছা, শরীর, সৌন্দর্যের প্রচলিত ধারণা এবং বিয়েকে ঘিরে সমাজে প্রচলিত বৈষম্যমূলক রীতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চলচ্চিত্রটি।

টোকিও উৎসবে ছবিটির তিনটি প্রদর্শনী নির্ধারিত রয়েছে—৩১ অক্টোবর তোহো সিনেমা চ্যানটারে, ১ নভেম্বর হিউলিক হলে এবং ২ নভেম্বর হিউম্যানট্রাস্ট সিনেমা ইউরাকুচোতে।

১০ দিনে ২০৪টি চলচ্চিত্র

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা ছাড়াও ‘এশিয়ান ফিউচার’, ‘ওয়ার্ল্ড ফোকাস’, ‘গালা সিলেকশন’ ও ‘উইমেন এমপাওয়ারমেন্ট’সহ বিভিন্ন বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। রয়েছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, মাস্টারক্লাস, সিম্পোজিয়াম এবং বিশেষ আলোচনা।

uS8Ogs0.jpeg

উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্রবাজার ‘টিফকম’-এও অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আওতায় ‘টোকিও গ্যাপ ফিন্যান্সিং মার্কেট’-এ ২৪টি চলচ্চিত্র ও অ্যানিমেশন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক যৌথ প্রযোজনা ও অর্থায়নের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া উৎসবে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন সম্মাননা, বিশেষ প্রদর্শনী এবং চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

বৃষ্টিভেজা লালগালিচা দিয়ে শুরু হওয়া উৎসবে এখন বাড়ছে দর্শকদের উপস্থিতি। আগামী ৪ নভেম্বর পর্যন্ত টোকিওর বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হবে বিশ্বের নানা দেশের চলচ্চিত্র। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অংশগ্রহণ দেশের চলচ্চিত্রশিল্পের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।