ফেনী জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ফেনী আয়োজিত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কর্মশালার তৃতীয় দিনে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণের তৃতীয় দিনে ছবি ও ভিডিওর সত্যতা যাচাই (ফ্যাক্ট চেকিং), সাইবার নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করেন পিআইবি’র সিনিয়র শিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
সেশনের শুরুতে বর্তমান ডিজিটাল যুগে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই'র অপব্যবহার রোধে ছবি ও ভিডিওর সত্যতা যাচাইয়ের বিভিন্ন আধুনিক কৌশল ও টুলস হাতে-কলমে প্রদর্শন করা হয়। এছাড়া অনলাইন রিপোর্টিংয়ে সাংবাদিকদের নিজস্ব ও ডেটার সাইবার নিরাপত্তা রক্ষা করার উপায় নিয়ে আলোকপাত করা হয়।
মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর জোর দিয়ে প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, "প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের কেবল প্রথাগত লেখালিখিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; মোবাইল জার্নালিজম, ভিডিও এডিটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী কনটেন্ট তৈরিতেও দক্ষ হতে হবে।" একই সাথে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকতার মূল নীতি ও নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন ব্যবহারিক অনুশীলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে নিজেদের ধারণা স্পষ্ট করে নেন।