নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের সময় একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক শিশুটির ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।