কিশোর গ্যাং, মাদক কারবারি ও নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে শিগগিরই কঠোর অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম। মাদক নির্মূলে মাদকসেবী থেকে শুরু করে কারবারি ও মাদক সম্রাটদের আটকে পুলিশের বিশেষ প্রচেষ্টা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি সুসংগঠিত সংগঠন। এই ক্লাবকে দেখে অন্যান্য সংগঠনেরও শেখার আছে।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অতি শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। নম্বরবিহীন মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি।
মাদককে কঠিন সমস্যা হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, মাদকসেবী, মাদক কারবারি ও মাদক সম্রাটদের আটকে পুলিশের প্রচেষ্টা জোরদার থাকবে। মাদক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।
সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উঠে আসে।