বাগেরহাটের চিতলমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে চিতলমারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এ. কে. ফায়জুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের বাঁধভাঙা উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, বিগত দিনে বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে এত ব্যাপক জনসমাগম এর আগে কখনো দেখা যায়নি। এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে চিতলমারী উপজেলা যুবদল ও এর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অতীতে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং তারা নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন।
উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট-১ (২০২৬) বাবু কপিল কৃষ্ণ মণ্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সুজন মোল্লা (সুজা উদ্দিন সুজন মোল্লা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান হাবীন ঠান্ডু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব হারুন আল রশীদ, চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হাসান অপু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও চিতলমারী উপজেলা মহিলা দলের আহ্বায়ক জনাবা রুনা গাজী, চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাড. শেখ ফজলুল হক ও জনাব শফিকুল ইসলাম বাবু, এবং চিতলমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম (জয়)সহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মল্লিক ও যুবনেতা মো. শেখ রাসেল। এছাড়া অনুষ্ঠানে চিতলমারী উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান বক্তা সুজন মোল্লা বলেন, যে সকল নেতাকর্মী দলের সাথে বেইমানি করে বিদ্রোহী প্রার্থীর সাথে কাজ করেছেন এবং দলের দুর্দিনে হামলা-মামলার শিকার হলেও দল ক্ষমতায় আসার পর নিজেদের আমলনামা খারাপ করে ফেলেছেন—তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হওয়ার দুঃস্বপ্ন দেখছেন। ওই সকল নেতার সব অপকর্মের আমলনামা দলের নীতিনির্ধারকদের জানা রয়েছে। এ যাবৎকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যেকোনো কর্মসূচির তুলনায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবথেকে বেশি লোক সমাগম হয়েছে।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতাদের বিনোদন দিতে গান পরিবেশন করেন রকস্টার নোবেল, খুলনা বিভাগীয় বাউল শিল্পী গোষ্ঠী এবং বাগেরহাট জেলা শিল্পী গোষ্ঠী।