ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শুক্রবার (৩০ অক্টোবর) ৫-১ গোলের বড় জয় পেয়েছে ফরাসি ক্লাবটি। এই জয়ের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে পিএসজি।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে পিএসজি। ১৮ মিনিটে স্বাগতিক দলের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন জশ মাজা। তবে দ্রুতই ম্যাচে ফেরে সফরকারীরা। অধিনায়ক আশরাফ হাকিমির পাস থেকে সমতাসূচক গোল করেন মিকা গডটস। এর দুই মিনিট পরই গোল করে পিএসজিকে এগিয়ে দেন হাকিমি।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর ৬৯ মিনিটে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। যদিও গোলটির পেছনে কিছুটা সৌভাগ্যের ছোঁয়া ছিল। তার বাড়ানো থ্রু পাস থেকে সেনি মায়ুলু গোল করার পর সৃষ্ট পরিস্থিতিতে হাকিমির নামেও গোল যোগ হয়।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন হাকিমি। চলতি মৌসুমে এর আগে কোনো গোলও করেননি তিনি। এই জয়ে লিগে টানা ষষ্ঠ জয় পেল পিএসজি। অথচ মৌসুমের প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল দলটি। কোচ লুইস এনরিকের অধীনে দারুণ ছন্দে থাকা দলটি একের পর এক জয় তুলে নিচ্ছে।
এদিকে চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ দুই আক্রমণভাগের খেলোয়াড় উসমান দেম্বেলে ও খভিচা কাভারাটস্খেলিয়া এখনও মাঠের বাইরে। সোমবার লিওঁর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এই ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ লুইস এনরিকে।