ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়্রেক্সহ্যামকে ১-০ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। শুক্রবার (৩০ অক্টোবর) ব্রামল লেনে অনুষ্ঠিত ম্যাচে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ। তার প্রথমার্ধের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ক্রিস ওয়াইল্ডারের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেফিল্ড ইউনাইটেড। জর্ডান আয়ুর একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সিডি পেকের নিচু শট আটকে দেন ওয়্রেক্সহ্যামের গোলরক্ষক অ্যান্থনি প্যাটারসন। মাঝমাঠের খেলোয়াড় কালভিন ফিলিপস চোট পেয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেও পরে আবার খেলায় ফেরেন।

২৪ মিনিটে প্রথমবার আক্রমণে ওঠে ওয়্রেক্সহ্যাম। তবে এর কিছুক্ষণ পরই গোলের দেখা পায় শেফিল্ড। অধিনায়ক জাফেট তাঙ্গাঙ্গার পাস থেকে বক্সে বল পান আয়ু। তার নিচু শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান ব্রেরেটন দিয়াজ। চলতি মৌসুমে এটিই তার প্রথম গোল।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ওয়্রেক্সহ্যাম। তবে শেফিল্ডের ডিফেন্ডার লিয়াম কিচিংয়ের সময়োপযোগী ট্যাকলে সেই চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েলশ ক্লাবটি। সাবেক শেফিল্ড স্ট্রাইকার কিফার মুরের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। তবে শেষ মুহূর্তে বেন শিফের দারুণ ট্যাকলে জর্ডান আয়ুর আক্রমণ থেমে যায়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় ওয়্রেক্সহ্যাম। যোগ করা ছয় মিনিটেও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। ফলে ব্রেরেটন দিয়াজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

পাঁচ ম্যাচের মধ্যে এটি শেফিল্ডের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ আটের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে দলটি। অন্যদিকে শেষ সাত লিগ ম্যাচের মধ্যে চতুর্থ হারের স্বাদ পেয়েছে ওয়্রেক্সহ্যাম।