রাজধানীর উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নার টেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ ইকরামুল ইসলাম শিবু ওরফে কিশোর শিবু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে মেড ইন ইউএসএ লেখা চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত শিবু দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২০০৯ সালে র্যাব-১ তাকে ২টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল। ওই মামলায় প্রায় চার বছর কারাভোগের পর তিনি বেরিয়ে আসেন।
র্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, মাদক ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকেও আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১ জানিয়েছে, রাজধানীতে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।