পাঠকের প্রত্যাশা, জনমানুষের অধিকার এবং স্থানীয় জনপদের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, গণমাধ্যম কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি নয়; গণমাধ্যম সার্বজনীন ও স্বাধীন। তিনি বলেন, ‘আমরা চাই, দৈনিক পঞ্চগড় খবরের মাধ্যমে প্রতিনিয়ত জেলার এমন সব বিষয় উঠে আসুক, যা গণমানুষের কল্যাণে বার্তা বয়ে আনবে। জেলার বিভিন্ন অসঙ্গতি ও সীমাবদ্ধতাও সংবাদপত্রে প্রকাশিত হোক, যাতে সেগুলো সামনে রেখে আমরা নিজেদের কাজের মূল্যায়ন করতে পারি।’
নতুন সংবাদপত্রটির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক পঞ্চগড় খবর জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা, নাগরিক সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।