নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধ ও মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে হক্কুনের ছেলে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল মামলা করলে পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রের দাবি, পারিবারিক বিরোধের পাশাপাশি মাদক কারবারের অভিযোগ নিয়েও এলাকায় উত্তেজনা ছিল। এর জেরে শুক্রবার রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়া, চাঁন মিয়া ও নিহত সাদ্দাম মাদকবিরোধী কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, হক্কুনের বিরুদ্ধে গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি এক সপ্তাহ আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এমএমএস মাটি জানান, হাসপাতালে আনার আগেই সাদ্দামের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা শনিবার দুপুরে বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। দাফন শেষে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।