পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘সমবায়ী স্বার্থবাদীদের মন্ত্রণালয়ের স্বার্থবাদীদের সিন্ডিকেট ছিল। বর্তমান সচিব, নিবন্ধক ও আমরা একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’ গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সমবায় মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আসার পর তিন জন সচিব পরিবর্তন হয়েছেন। কারণ এই তিনজনেরই তিন রকম পরিকল্পনা ছিল। এ ছাড়া একজন নিবন্ধক ও মহাপরিচালক পরিবর্তন হয়েছেন। এখানকার সমবায়ী কায়েমী স্বার্থবাদীর সঙ্গে মন্ত্রণালয়ের স্বার্থবাদীদের সিন্ডিকেট ছিল। কারণে এই সংকট, অন্যায়-অবিচার, শোষণ থেকে বেরিয়ে আসতে গেলে একমত, একপ্রাণ হওয়া ছাড়া কোনো পথ ছিল না।’
সমবায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের সৌভাগ্য, আমি স্বীকার করছি আমাদের বর্তমান সচিব, নিবন্ধক ও আমরা একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের মধ্যে কোনো দিমত নেই।’
মিলের কটন প্রধান কার্যালয় প্রাঙ্গণে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের সভাপতি ও মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১(সদর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হীরু (বীর প্রতীক)এমপি, নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ডক্টর তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার প্রমূখ।