পৌনে ৩ কেজির এক ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি

Date: 2022-09-26
news-banner

বঙ্গোপসাগরের গভীরে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি ইলিশ। যার ওজন ২ কেজি ৭২০ গ্রাম।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসেন বশির সরদার নামের এক মাঝি। পরে মাছটি পাঁচ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান।

বশির সরদার জানান, চার-পাঁচদিন আগে আলীপুর বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। গত কয়েকদিনে বেশ কয়েকবার মাছের সন্ধানে জাল ফেলেছেন। তাতে এক কেজি থেকে ১ কেজি ৭০০ গ্রামের প্রায় ১০০ পিস মাছ পেয়েছেন। এছাড়া ২ কেজি ৭২০ গ্রামের একটি বড় ইলিশও পান।

কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান বলেন, নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মণ হিসাবে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে নেই। ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবো। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরে বেশকিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। এর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে।

Leave Your Comments