নগরীতে ‘ক্রস-ড্রেসার’ যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৬ হিজড়া আটক

Date: 2022-09-27
news-banner

কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেট নগরীর সোবহানীঘাটে তুষার মিয়া (২২) নামে এক ‘ক্রস-ড্রেসার’ যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৬ হিজড়াকে আটক করেছে  কোতোয়ালী মডেল থানার পুলিশ। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হিজড়ারা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত মনাই মিয়ার সন্তান হৃদয় (২৮), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মৃত সিদ্দিক মিয়ার সন্তান তানহা (২৫), সুনামগঞ্জ জেলার দিরাই থানার হোসেনপুর গ্রামের মৃত এমরাজুল হকের সন্তান সুমি উজ্জল (১৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাঁচগাঁও গ্রামের মৃত কনাই মিয়ার সন্তান চাঁদনী সজল (৩০), পাপ্পু পাপিয়া ও হৃদয় রুপা। এর মধ্যে পাপ্পু পাপিয়া ও হৃদয় রুপা ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। প্রথমে ৪ জনকে আটক করি, পরে তাদের দেওয়া তথ্যমতে পরিকল্পনাকারী ২ জনকে আটক করা হয়। 

ওসি জানান, প্রথমে আটককৃত ৪ হিজড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে তাদের কাছে স্বীকারোক্তি দেয়। তাদের গতকাল সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার মূল পরিকল্পনাকারী পাপ্পু পাপিয়া ও হৃদয় রুপাকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। এ ঘটনায় রোববার রাতে কতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

গত রোববার সকালে সিলেট নগরীর সুবহানীঘাটস্থ সবজিবাজার সংলগ্ন বনফুল অ্যান্ড কোম্পানির পাশে খালি জায়গা থেকে ‘নারীর পোশাক পরিহিত’ মরদেহটি উদ্ধার করা হয়। হিজড়াদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। 

নিহত তুষার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার আবুল হাশেমের ছেলে। বর্তমানে সে সিলেট মহানগরীর খাসদবির এলাকায় সাজু মিয়ার বাসায় ভাড়া থাকতো।

Leave Your Comments