প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কুলাউড়ার সলমান

Date: 2022-09-27
news-banner

কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। 

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক মৌলভীবাজার জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।

একেএম সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। কুলাউড়াবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন।

তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয়- আমি কুলাউড়া উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহেযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

Leave Your Comments