কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:
সিলেটে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও সংরক্ষণের দায়ে ফের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকায় পরিচালিত অভিযানকালে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা সহ প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাস্টঘর রোডের মহাজনপট্টি এলাকার নাজিম স্টোরকে ৮০ হাজার টাকা, মসজিদ গলির আব্দুর রউফ এন্ড সন্সকে ৮০ হাজার টাকা, লাভলী এন্ড তামিম স্টোরকে ৬০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরকে ৫০ পঞ্চাশ হাজার টাকা ও তওয়াক্কুলিয়া স্টোরকে ২০ হাজার টাকাসহ ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রায় ২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে এক অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ১৩টি দোকানে ১ লক্ষ টাকা জরিমানা এবং প্রায় ১৫ মেট্রিক টন পলিথিন জব্দ সহ ১টি দোকানকে সিলগালা করে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।