কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপকে ঘিরে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের ও কর্মকর্তাদের জন্য ৩টি আবাসন ঠিক করা হচ্ছে। তাদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সিলেট এসে পৌঁছায় অংশগ্রহণকারী ৬ টি দল।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট এসে পৌঁছাবে ভারত নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ৭ দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় হবে দিনের প্রথম খেলা আর দ্বিতীয়টি দুপুর ১টা ৩০ মিনিট । সবকয়টি খেলা সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব মিডিয়া) সুদ্বীপ দাস বলেন, ইতোমধ্যে ভারত ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল সিলেটে এসে পৌঁছেছে। ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর মধুর স্মৃতি নিয়ে এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।