কলড্রপের জন্য রাত থেকেই টকটাইম দেবে গ্রামীণফোন

Date: 2022-09-28
news-banner

আজ রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে টকটাইম ফেরত দেওয়া শুরু করবে গ্রামীণফোন। জিপি-জিপি কলড্রপের ক্ষেত্রে গ্রাহকরা এ টকটাইম পাবেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার তাজরিবা খুরশীদ ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশনসের মুহাম্মদ হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। নিজেদের নেটওয়ার্কে সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করবে গ্রামীণফোন। জিপি-জিপি কলড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হওয়ার কারণে গ্রাহকরা এ টকটাইম পাবেন।এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের টকটাইম দিয়ে আসছিল। গ্রাহকদের কলড্রপ ও টকটাইম দেওয়ার বিষয়ে সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

বিটিআরসির নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেওয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সঙ্গে কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। 

Leave Your Comments