কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Date: 2022-10-03
news-banner

কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় কাঁঠালগাছের ডালে 'সারি উরাং (৩০)' নামে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ অক্টোবর) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সারি উরাং ওই বাগানের শ্রীবাস দাসের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলে পূজো দেখতে বাড়ির লোকজন মন্দিরে যান। এরপর সন্ধ্যার কোনো এক সময় গৃহবধূ সারি উরাং বাড়ির পাশে একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রাতে বাড়ির লোকজন ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশকে খবর দিলে থানার এসআই নাইমুল হাসান ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি।

Leave Your Comments