ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর থেকে সবচেয়ে বড় পরিসরে বন্দি বিনিময় হলো। তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধরত দুই দেশের মধ্যে সর্বশেষ ৩০০ জনের মতো বন্দি বিনিময় হয়েছে।রুশপন্থী বিদ্রোহীদের হাতে বন্দি থাকা পাঁচজন ব্রিটিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।
যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে লড়াই করাসহ নানা অভিযোগে তাদের বন্দি করা হয়েছিল। সৌদি আরবের ‘প্রকৃত শাসক’ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় ওই পাঁচজনসহ মোট দশজনকে মুক্তি দেওয়া হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।সৌদি বিবৃতিতে বলা হয়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ব্রিটিশ, দুজন মার্কিন, একজন ক্রোয়াট, একজন মরোক্কান ও একজন সুইডিশ রয়েছেন।
তাঁরা এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন। সেখান থেকে সবাইকে যার যার দেশে ফেরত পাঠানো হবে। পাঁচ ব্রিটিশ ইতিমধ্যেই স্বদেশে পৌছেছেন বলে জানানো হয়েছে।