দলীয় আদর্শ বিচ্যুতি, ডানপন্থি জোটে যোগদানের অভিযোগ এবং শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ মে) মধ্যরাতে National Citizen Party (NCP)–এর ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিক বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বারবার সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে বহিষ্কারাদেশ জারি করা হয়।
এর আগে একই দিন বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে সর্দার আমিরুল ইসলাম দলীয় রাজনীতি ছাড়ার ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান ও ডানপন্থি জোটে যাওয়ার সিদ্ধান্ত তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও লেখেন, নির্বাচন পরবর্তী সময়ে দলের ভেতরে ডানপন্থার প্রভাব বাড়ায় তিনি গত দুই মাস ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
দলের শৃঙ্খলা কমিটির তথ্যমতে, গত ৩ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়। কিন্তু পরবর্তীতেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপিতে যোগ দেন।