তাড়াশে ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Date: 2026-06-08
news-banner

মোঃআলামিন হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ): 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২০ গ্রাম গাঁজাসহ ৫ জন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৬ জুন) উপজেলার নওগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন— নওগাঁ গ্রামের সেরাজ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম খবির (৩৭), মৃত আবেদ আলীর ছেলে মামুন সরদার (৩৩), নজরুল প্রামাণিকের ছেলে এসার প্রামাণিক (২৪), রুহুল আমিনের ছেলে তুষার খন্দকার (২৫) এবং উল্লাপাড়া উপজেলার আইলের উপর গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে জিয়াউর রহমান (৩৬)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মো. আছাদুল হক বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তাড়াশ থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments